বাংলাদেশ খেলাফত আন্দোলনের ২০২৭-২০৩০ সেশনের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এতে পুনরায় আমীর নির্বাচিত হয়েছেন আল্লামা আবু জাফর কাসেমী এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন মুফতী ফখরুল ইসলাম।
রোববার (২৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার (২৮ নভেম্বর) সকালে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মজলিসে শুরা সদস্যদের ভোটে তারা নির্বাচিত হন।
শুরার অধিবেশনে গঠনতন্ত্র সংস্কার কমিটির প্রস্তাব অনুযায়ী গঠনতন্ত্রের ১৪-এর ঘ ধারায় পরিবর্তন আনা হয়েছে। এতে বলা হয়েছে, আমিরের অবর্তমানে সিনিয়র নায়েবে আমীর এবং মহাসচিবের অবর্তমানে সিনিয়র যুগ্ম মহাসচিব দায়িত্ব পালন করবেন।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, কেন্দ্রীয় সংগঠনে চারটি পরিষদ থাকবে। গঠনতন্ত্রের ১৫ নম্বর ধারার ১-এর ক উপধারায় দলের মজলিসে শুরার সদস্যসংখ্যা ২০১ জন থেকে বাড়িয়ে ৩১৩ জন করা হয়েছে। ১৫ নম্বর ধারার ২ উপধারা অনুযায়ী, মজলিসে আমেলার সদস্যসংখ্যা ৪০ থেকে বাড়িয়ে ১৫১ জন করা হয়েছে। এ ছাড়া ৩৯-এর ক ধারায় মজলিসে আমেলার মেয়াদ দুই বছর থেকে বাড়িয়ে চার বছর করা হয়েছে।
এদিকে, সব সদস্যের মতামতের ভিত্তিতে গঠনতন্ত্রের ৪৫-এর ক ধারাও পরিবর্তন করা হয়েছে। নতুন ধারায় বলা হয়েছে, কেন্দ্রীয় কাউন্সিলে মজলিসে শুরা সদস্যদের ভোটে নির্বাচিত আমির ও মহাসচিবসহ পূর্ণাঙ্গ কমিটি আগামী চার বছর দায়িত্ব পালন করবে।











