spot_img
spot_img

ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন আমিরাতের প্রধানমন্ত্রী

দুবাইয়ে অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৭’-এ অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।

রোববার (২৯ নভেম্বর) ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ আগামী ২০২৭ সালের ১ থেকে ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এ বৈশ্বিক সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর প্রত্যাশা ব্যক্ত করে আমন্ত্রণ জানিয়েছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণের অব্যাহত সাফল্য এবং সমৃদ্ধি কামনা করে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

আমিরাতের এই নেতা বলেন, মানবজাতির জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুবাইয়ে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন তিনি।

তিন দিনব্যাপী ‘ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৭’-এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শেপিং ফিউচার গভর্নমেন্টস’ বা ‘ভবিষ্যতের সরকার গঠন’। এটি একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক মঞ্চ, যেখানে সরকারপ্রধান, নীতিনির্ধারক, আন্তর্জাতিক সংস্থা, বিশেষজ্ঞ ও বেসরকারি খাতের প্রতিনিধিরা একত্রিত হয়ে উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন এবং শাসনব্যবস্থার উদ্ভাবনী পদ্ধতি খুঁজে দেখেন।

বার্ষিক এ সম্মেলন অংশগ্রহণকারী দেশগুলোকে অভিজ্ঞতা বিনিময়, নীতিগত উদ্ভাবন ভাগাভাগি এবং জটিল বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতার ক্ষেত্র অনুসন্ধানের সুযোগ করে দেয়।

সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সম্মেলনে ৬০টিরও বেশি রাষ্ট্র ও সরকারপ্রধান, ৫০০ জনেরও বেশি মন্ত্রী এবং ১৫০টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন। এ ছাড়া বৈশ্বিক বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও চিন্তাবিদদের অংশগ্রহণে ওই আয়োজনে সব মিলিয়ে ৬ হাজারেরও বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ভবিষ্যতের শাসনব্যবস্থা নিয়ে সংলাপ উৎসাহিত করা এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা ও টেকসই অগ্রগতি এগিয়ে নিতে যৌথ কৌশল প্রণয়ন করাই এ সম্মেলনের লক্ষ্য।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ