spot_img

শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে নিরপেক্ষ নির্বাচন হবে না: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন সমস্যা নয়, সমস্যা সরকারের ভেতরে। নির্বাচনকালীন সরকার কে হবে? নিরপেক্ষ সরকার থাকবে, নাকি শেখ হাসিনার সরকার থাকবে? যদি শেখ হাসিনার সরকার থাকে তাহলে নিরপেক্ষ নির্বাচন হবে না।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকাল ৩টায় মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জনগণকে আর বোকা ভাববেন না। ২০১৮ সালের নির্বাচনে আগের রাতে ভোট হয়ে গেছে। সকালে জনগণ কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেনি। এর আগের নির্বাচনে ১৫৪ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল। তখনও একটি সংলাপ করেছিল। এখন আবারও সংলাপের জন্য ডাকাডাকি করছেন রাষ্ট্রপতি। এই সংলাপ দিয়ে সমস্যার সমাধান হবে না।

তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য রাষ্ট্রপতি বিভিন্ন রাজনৈতিক দলকে সংলাপের জন্য ডেকেছেন। রাষ্ট্রপতির এই সংলাপ অর্থহীন। কারণ এই সংলাপ গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবে না। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারবে না। এই সরকার ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন হবে না। কাজেই এই সরকারের পদত্যাগের পর নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

বিএনপির মহাসচিব বলেন, গণতন্ত্র রক্ষায় খালেদা জিয়া দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন। গণতন্ত্র রক্ষার জন্য এখনও হাসপাতালের বেডে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। সারাদেশের মানুষের দাবি, খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হোক। কিন্তু এই দাবি সরকারের কানে যায় না। যদি খালেদা জিয়ার কিছু ঘটে, তবে এর দায় সরকারকেই নিতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ