পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে অনেকে অনেক কথা বলেন। আমি মনে করি, দুই দেশের সম্পর্ক যে জায়গায় পৌঁছেছে তা নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়। ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে বা কারও দ্বারা প্রভাবিত হয়ে এ রকম একটা ঐতিহাসিক বন্ধনের সম্ভাবনাকে আমরা যেন দূরে ঠেলে না দিই। নোংরা রাজনৈতিক খেলায় দুদেশের সম্পর্ক যেন নষ্ট না হয় এ ব্যাপারে সবাইকে সাবধান থাকতে হবে।
বুধবার (৩০ মার্চ) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) অডিটোরিয়ামে বাংলাদেশ-ভারত সম্পর্ক শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
শাহরিয়ার আলম বলেন, পৃথিবীর কোনো দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির একই বছরে কোনো দেশ সফরের ঘটনা বিরল। কিন্তু গত বছর সেটি করেছেন ভারতের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি। এটা আমাদের সম্পর্কের গভীরতার প্রমাণ। এটা যে পরীক্ষিত বন্ধুত্ব, এটা তারই প্রমাণ।
তিনি বলেন, দুই দেশের থিংক ট্যাংক, শিক্ষাবিদ, সমাজ বিজ্ঞানীদের উচিত গঠনমূলক লেখা ও নিবন্ধের মাধ্যমে বিশেষ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অপপ্রচার এবং বানোয়াট উদ্দেশ্যমূলক প্রচারের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করা।
শাহরিয়ার আলম বলেন, দুই দেশের সম্পর্কে থাকা ৫৪ নদীর পানি বণ্টন নিয়েও অন্য বিতর্ক আছে। বাংলাদেশ যেহেতু ডাউনস্ট্রিম দেশ তাই আমরা তিস্তা নদী থেকে আরও পানি চাই। মুহুরি, মানু, গোমতী, খোয়াই, দুধকুমার এবং ধরলা এই ৬ নদীর সর্বোচ্চ ব্যবহার নিয়ে আমরা একটি কাঠামোগত চুক্তি করতে চাই।










