আফগানিস্তানে রাশিয়ান ট্রেড সেন্টারের পরিচালক জানিয়েছেন, আফগান কর্তৃপক্ষ দীর্ঘমেয়াদি ভিত্তিতে রাশিয়া থেকে প্রতিবছর ২০ লাখ টন পেট্রোলিয়াম পণ্য আমদানির প্রস্তাব দিয়েছে।
সোমবার (৩০ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হুরিয়াত রেডিও।
কেন্দ্রটির প্রধান রুস্তাম খাবিবুলিন বলেন, প্রস্তাবিত এই বাণিজ্যের অর্ধেক অংশে থাকবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), আর বাকি অংশে থাকবে পেট্রোল ও ডিজেল।
তিনি আরও জানান, কাজান ফোরামের পার্শ্ব-অনুষ্ঠানে এই চুক্তিটি আনুষ্ঠানিক করার পরিকল্পনা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, প্রতিযোগিতামূলক দাম ও নির্ভরযোগ্য মানের জন্য পরিচিত রাশিয়ার শীর্ষস্থানীয় তেল কোম্পানিগুলোর সঙ্গে চুক্তিটি স্বাক্ষরিত হবে।
এর আগে, আফগানিস্তানের জন্য রাশিয়ার বিশেষ প্রতিনিধি জামির কাবুলভও বলেছেন, রাশিয়ার পেট্রোলিয়াম পণ্য কিনতে আফগানিস্তানের প্রকৃত আগ্রহ রয়েছে।
সূত্র: হুরিয়াত রেডিও










