বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘আপাদমস্তক ইসলামবিদ্বেষী’ বলে আখ্যা দেওয়ার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, তার এ বক্তব্যে মন্ত্রীর ধর্মীয় ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে অ্যাডভোকেট এস এম নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক সুমন কুমার কর্মকার বাদীর আরজি ও উপস্থাপিত তথ্য-উপাত্ত আমলে নিয়ে বিষয়টি আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ইকবাল হাসান মাহমুদ টুকু একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত। গত ২৬ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে পরে আমির হামজা তার বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করেন। অভিযোগপত্রে বলা হয়, গত ২৭ মার্চ কুষ্টিয়ার হাফসাই হরিপুর বড় মসজিদে জুমার নামাজের আগে আলোচনাকালে তিনি মন্ত্রীকে ‘নাস্তিক’ ও ‘আপাদমস্তক ইসলামবিদ্বেষী’ বলে অভিহিত করেন।
বাদীপক্ষের ভাষ্য, একজন সংসদ সদস্য ও পরিচিত বক্তা হিসেবে আমির হামজার এ বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে এবং এতে ইকবাল হাসান মাহমুদ টুকুর পারিবারিক ঐতিহ্য, ধর্মীয় ভাবমূর্তি ও সামাজিক মর্যাদার ক্ষতি হয়েছে। এ অভিযোগে দণ্ডবিধির ৫০০ ধারায় ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল ইসলাম বলেছেন, এ ধরনের মন্তব্যে সিরাজগঞ্জসহ বিভিন্ন স্থানে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তিনি আসামির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি ও স্থানীয় বিএনপি নেতারাও এ বক্তব্যের নিন্দা জানিয়েছেন।










