spot_img

কাতার বিশ্ববিদ্যালয়ে স্বর্ণপদক পেলেন দারুল মাআরিফের সাবেক ছাত্র আবু তালেব

কাতার বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক পেয়েছেন চট্টগ্রাম শহরের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়ায় সাবেক ছাত্র মুহাম্মাদ আবু তালেব।

আজ শনিবার (৩০ মে) বিশ্ববিদ্যালয়ের ৪৩তম সমাবর্তন অনুষ্ঠানের প্রথম পর্বে তাঁকে এ সম্মাননা প্রদান করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ছাড়াও সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতারের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালেদ বিন খালিফা বিন আবদুল আজিজ আল থানি ও বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. হাসান রাশিদ আল দিরহাম।

সমাবর্তন অনুষ্ঠানে ১০৯ জন কৃতি শিক্ষার্থীর হাতে স্বর্ণপদক তুলে দেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষাসমাপনকারী ৭৩৩ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা সনদ প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. হাসান রাশিদ আল দিরহাম।

মুহাম্মাদ আবু তালেবের বাড়ি চট্টগ্রাম জেলার হাটহাজারীর উত্তর মাদার্শা গ্রামে। জামিয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়া থেকে পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করে মিশকাত পর্যন্ত পড়াশুনা করেন।

২০১১ সালে কাতারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক স্তরে শিক্ষাবৃত্তি নিয়ে তিনি উচ্চশিক্ষা অর্জনে কাতার যান। ২০১৪ সালে উচ্চমাধ্যমিক স্তরে প্রথম স্থান অধিকার করেন তিনি। ২০১৯ সালে কাতার বিশ্ববিদ্যালয়ের শরিআহ ও ইসলামিক স্টাডিজ বিভাগে স্নাতক শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন।

২০১৬ সালে কাতার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রথমবারের মতো ইমাম ও খতিব হিসেবে নিয়োগ পান। গত বছর পুনরায় ইমাম ও খতিব হিসেবে নিয়োগ পেয়ে সুনামের সঙ্গে এ দায়িত্ব পালন করছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ