আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনে ১৪টি পদের মধ্যে ১০ পদেই জয় পেয়েছে আওয়ামীপন্থি সাদা প্যানেল। আর বিএনপি-জামায়াত সমর্থকদের নীল প্যানেল সাধারণ আসনে তিনটি এবং গ্রুপ আসনে একটি পদে জয়লাভ করেছে।
রোববার দিনগত রাত ৩টার দিকে কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন।
এর আগে, বুধবার (২৫ মে) সারা দেশে সকাল দশটা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ ভোট গ্রহণ সম্পন্ন হয়।
সরকার সমর্থকদের সাদা প্যানেল থেকে সাধারণ আসনে বিজয়ীরা হলেন—অ্যাডভোকেট মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা (১৭ হাজার ৪৩৩ ভোট), অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান (১৭ হাজার ৯৩ ভোট), অ্যাডভোকেট মোহাম্মদ মোখলেসুর রহমান বাদল (১৬ হাজার ৮৪৪ ভোট) এবং অ্যাডভোকেট মো. রবিউল আলম বুদু (১৫ হাজার ২৭ ভোট)।
এ ছাড়া সাদা প্যানেলের গ্রুপ আসনে ঢাকা অঞ্চলের আইনজীবী সমিতে (গ্রুপ-এ) আবদুল বাতেন, বৃহত্তর ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর জেলার আইনজীবী সমিতিতে (গ্রুপ বি) মো. জালাল উদ্দিন খান, বৃহত্তর কুমিল্লা জেলা ও সিলেট জেলা অঞ্চলের আইনজীবী সমিতিতে (গ্রুপ ডি) এ এফ মো. রুহুল আনাম চৌধুরী, বৃহত্তর খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের আইনজীবী সমিতিতে (গ্রুপ ই) আনিছ উদ্দিন আহমেদ সহিদ, বৃহত্তর রাজশাহী, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের আইনজীবী সমিতিতে (গ্রুপ এফ) মো. একরামুল হক এবং বৃহত্তর দিনাজপুর, রংপুর, বগুড়া ও পাবনা জেলার আইনজীবী সমিতিতে (গ্রুপ জি) মো. আব্দুর রহমান বিজয়ী হয়েছেন।
সাধারণ আসনে বিএনপিপন্থিদের বিজয়ী তিন প্রার্থী হলেন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন (১৬ হাজার ৮১১ ভোট), ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল (১৫ হাজার ৯৬৫ ভোট) ও অ্যাডভোকেট জয়নুল আবেদীন (১৪ হাজার ৭৯৬ ভোট)। এ প্যানেল থেকে গ্রুপ আসনে একমাত্র বিজয়ী প্রার্থী হচ্ছেন বৃহত্তর চট্টগ্রাম ও নোয়াখালী জেলার আইনজীবী সমিতিতে (গ্রুপ সি) এ এস এম বদরুল আনোয়ার।











