দেশের বিভিন্ন স্থানে কালেমা খচিত পতাকা টানানোর বিষয়টি সরকারের নজরে এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
তিনি বলেন, এর পেছনে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা তা খতিয়ে দেখা হবে। কেননা এটা বিদেশে বাংলাদেশের জন্য ভালো বার্তা দেয় না।
মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে সেবা নেওয়ার ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে এতে সরকারের রাজনৈতিক অংশ ও সরকারি কর্মকর্তা দুই অংশের দায় আছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এই দুর্নীতি করেছে তা বলবো না। আবার তারা যে অন্য দুর্নীতি করেনি সেটাও বলবো না।
উপদেষ্টা বলেন, দুর্নীতি ফৌজদারি অপরাধ। এটা তামাদি হয় না। অনেক বছর পরও এর তদন্ত করা যায়। দুদককে বলবো কোনো উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে তা স্বাধীনভাবে তদন্ত করবে। সরকার সেখানে বাধা দেবে না।











