সরকার বাংলাদেশেকে দুর্নীতিতে পরিপূর্ণ করে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৩০ জুলাই) বিকেলে এক ভার্চুয়াল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন,ব্যাংকিং সেক্টরকে ধ্বংস করে দিয়েছে এই সরকার। শেয়ার মার্কেটকে ধ্বংস করে দিয়েছে। মানিলন্ডারিং এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে, এখন সরকার নিজে বলছে এটা নিয়ন্ত্রণ করার দরকার। দুর্ভাগ্য আমাদের, এই কয়েকদিন আগে দেখলাম দুদকের যিনি প্রাক্তন চেয়ারম্যান ছিলেন, তার নামেও দুর্নীতির অভিযোগ চলে এসেছে।
মির্জা ফখরুল বলেন, আজ সরকার কী করেছে? একটা মিথ তৈরি করতে চায়। মিথটা হলো, সাউথ-ইস্ট এশিয়ার দেশগুলোর মধ্যে একটা রোল মডেল মধ্য আয়ের দেশ, উন্নয়নের রোল মডেল বাংলাদেশ। এটা একটা মিথ ছাড়া কিছু না।
তিনি বলেন, এখন এদেশে প্রায় ৬ কোটি লোক দারিদ্রসীমার নিচে। আজকে করোনার যে আঘাত এসেছে সেই আঘাত সহ্য করতে পারছে না বাংলাদেশ, অর্থনীতি সহ্য করতে পারছে না। আজকে আরও দুই কোটি লোক নতুন করে দরিদ্র হয়ে গেছে। একদিকে কিছু লোক লুটের মধ্য দিয়ে, দুর্নীতির মধ্য দিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। অন্যদিকে মানুষ দরিদ্র থেকে আরও দরিদ্র হয়ে যাচ্ছে।












