দেশে ইনসাফ কায়েম নিশ্চিত না হওয়া পর্যন্ত আবু সাঈদ ও মুগ্ধদের যুদ্ধ থামবে না বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।
বুধবার (২৯ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই গণঅভ্যুত্থান-উত্তর কাঙ্ক্ষিত শিক্ষাব্যবস্থা ও আমাদের করণীয়’ শীর্ষক এক সেমিনারে তিনি এ হুঁশিয়ারি দেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, নির্বাচিত প্রতিনিধিদের অসম্মান করে পরাজিতদের মূল্যায়নের মাধ্যমে সরকার নিজেই দ্বন্দ্ব উসকে দিচ্ছে।
তিনি বলেন, এই সরকার গণভোটে ৭০ শতাংশ মানুষের দেওয়া ভোটকে অস্বীকার করছে। সংবিধান সংস্কারের পরিবর্তে সংশোধনের কথা বলছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ থেকে শুরু করে প্রশাসনের সর্বত্র দলীয় লোকদের নিয়োগ দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, এমন অনিয়মের রাজত্ব চলতে থাকলে সরকার সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারবে না। ইনসাফ কায়েম নিশ্চিত না হওয়া পর্যন্ত আবু সাঈদ ও মুগ্ধদের যুদ্ধ থামবে না।
সেমিনারে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকে শিক্ষকসমাজের নয় দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ অব্যাহত রাখা, শিক্ষকদের নবম পে-স্কেলের অন্তর্ভুক্ত করা এবং এমপিওভুক্ত চাকরি জাতীয়করণ।










