বাংলাদেশের নতুন সরকারের কূটনৈতিক অবস্থান বুঝতে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা আসছেন আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর।
তিন দিনের ঢাকা সফরে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্কের গভীরতা যাচাই করতে পারেন প্রভাবশালী এই মার্কিন নীতিনির্ধারক। পাশাপাশি ওয়াশিংটনের সঙ্গে সই হওয়া বাণিজ্য চুক্তি বাস্তবায়নে ঢাকার মনোভাবও খতিয়ে দেখবেন তিনি।
আজ সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন সার্জিও গোর। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন মার্কিন এই বিশেষ দূত।
বৈঠক ও আলোচনায় বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার, আঞ্চলিক কৌশলগত অবস্থান এবং ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ গুরুত্ব পাবে।
সফরের শেষ দিনে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন সার্জিও গোর।










