spot_img

খুন ও গুম করা অপশক্তির কোনো ক্ষমা নাই: মুফতী রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, স্বাধীন রাষ্ট্রের নাগরিকদের খুন-গুম করা অপশক্তির কোনো ক্ষমা নাই। কাল বা পরশু তাদেরকে বিচারের মুখে দাঁড়াতেই হবে ইনশা আল্লাহ।

সোমবার (৩০ আগস্ট) আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

চরমোনাই পীর বলেন, রাষ্ট্র ধারণার অন্যতম প্রধান যুক্তি রাষ্ট্র নাগরিকদের জীবনের ও স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা দেবে। মানুষ নিরুদ্বেগ সময় কাটাবে। আতঙ্কমুক্ত শান্তিময় জীবন যাপন করবে। কিন্তু রক্তে কেনা স্বাধীন বাংলাদেশে কে কখন গুম হবে, সেই আতঙ্ক বিরাজ করে। নাগরিকের নিরাপত্তার জন্য দায়বদ্ধ আইন শৃংখলা বাহিনীগুলো গুমের শিকার ব্যক্তির দায়িত্ব তো নেই না বরং অনেক ক্ষেত্রে বিধ্বস্ত পরিবারগুলোর সাথে উপেক্ষার আচরণ করে। আরও উদ্বেগজনক বিষয় হলো, স্বয়ং আইনশৃংখলা বাহিনীগুলোর ওপরেই গুমের যুক্তিসংগত অভিযোগ আছে। এই অবস্থা কোন স্বাধীন দেশে সহ্য করা যায় না।

চরমোনাই পীর আরও বলেন, প্রায় সকল গুমের অভিযোগের তীর সরকারের প্রতিই নির্দেশ করে। সরকারের যদি সৎ সাহস থাকে তাহলে গুমের অভিযোগ তদন্তে ও প্রতিরোধে সরকারী প্রভাবমুক্ত স্বাধীন, সর্বজনীন নাগরিক কমিশন গঠন করুক। কমিশন দায়ীদের শাস্তি নিশ্চিত করবে। আর যদি সরকার এমন কমিশন গঠনে অনীহা করে তাহলে তাদের দায় প্রমাণিত হয়।

মুফতী রেজাউল করীম বলেন, এই সরকার উন্নয়নের ফাঁপা তথ্য দিয়ে নাগরিকের মৌলিক অধিকারগুলো প্রায় সবই কেড়ে নিয়েছে। সেই সাথে নাগরিকের বাদ-প্রতিবাদ দমন করতে পুরোনো ভয়ের রাজনীতি প্রতিষ্ঠা করতেই এভাবে গুম-খুনের মহড়া দেয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ