রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, বিদেশীরা যেভাবে রেল থেকে আয় করে থাকে, বাংলাদেশ রেলওয়েও বহুমুখী আয়ের জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে।
তিনি বলেন, রেলের অপটিক্যাল ফাইবার লিজ প্রদান রেলের আয় বৃদ্ধি কার্যক্রমের একটি অংশ।
আজ মঙ্গলবার (৩০ আগস্ট) রেলভবনে পাঁচটি কোম্পানির সাথে বাংলাদেশ রেলওয়ের অপটিক্যাল ফাইবার লিজ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, রেল জনগণের বাহন। জনগণকে জানানোর উদ্দেশ্যে, স্বচ্ছতা বজায় রাখার জন্য আমরা প্রকাশ্যে চুক্তি করছি। রেলওয়ে একটি সেবামূলক প্রতিষ্ঠান। এটি ভর্তুকি দিয়ে চলছে। রেলের অনেক সম্পদ রয়েছে। আমরা সেখান থেকে আয় বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছি।
তিনি বলেন, একটি দেশের ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য, টেকসই উন্নয়নের জন্য রেল খাতের উন্নয়ন জরুরী। প্রধানমন্ত্রী আলাদা মন্ত্রণালয় গঠন করে দেয়ার পরে আমরা সেই উদ্যোগ গ্রহণ করেছি।
তিনি আরও বলেন , ৪৭ পরবর্তী সময়ে রেলওয়ের কোন উন্নয়ন হয়নি। স্বাধীনতার সময় রেলখাত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বঙ্গবন্ধু রেলকে পুনর্গঠন করেন। ৭৫ পরবর্তী সরকারগুলো রেলের কোন উন্নয়ন করেনি। ১০ হাজার রেলের কর্মকর্তা-কর্মচারীকে হ্যান্ডসেকের মাধ্যমে বিদায় করেছে। ভবিষ্যতে রেলের জমিসহ পণ্য পরিবহনের ব্যবহার বৃদ্ধির মাধ্যমে রাজস্ব আয় বাড়নোর বহুমুখী কার্যক্রম গ্রহণ করছি।
সূত্র: বসস










