মধ্য গাজ্জার দেইর আল-বালাহ এলাকায় দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইল বিমান হামলা চালিয়ে তিন বছরের এক শিশুসহ দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে। এতে আহত হয়েছেন আরও কয়েকজন।
রোববার (৩০ আগস্ট) গাজ্জার চিকিৎসাকর্মীদের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
চিকিৎসাকর্মীরা জানান, দেইর আল-বালাহর একটি বেকারির কাছে হামলাটি চালানো হয়। এতে হুসাম নুসাইর নামে এক ফিলিস্তিনি এবং তিন বছর বয়সী তাইয়েম হামদান নিহত হন।
দখলদার ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, হামলায় নিহত হুসাম নুসাইর হামাসের একজন সদস্য ছিলেন। তাদের দাবি, তিনি ইসরাইলি বাহিনী ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা এগিয়ে নিচ্ছিলেন।
তবে দখলদার ইসরাইলি সেনাবাহিনীর এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হামাস।
গত বছরের অক্টোবরে আমেরিকার মধ্যস্থতায় গাজ্জায় যুদ্ধবিরতি কার্যকর হলেও দখলদার ইসরাইলের হামলা বন্ধ হয়নি। গাজ্জার স্বাস্থ্য কর্মকর্তাদের হিসাবে, যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ১ হাজার ৩০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।











