আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি নেতাদের মনের মধ্যে এখনো পেয়ারে পাকিস্তান রয়ে গেছে। আপনারা টেক ব্যাক স্লোগান বাদ দিন, পাকিস্তানে ফিরে যান। গো ব্যাক পাকিস্তান। পাকিস্তানের আদর্শ আপনাদের যদি এতোই ভালো লাগে দয়া করে পাকিস্তান চলে যান। দেশের মানুষ বাধা দিবে না। কিন্তু বাংলাদেশকে পাকিস্তানের ভাবধারায় ফিরিয়ে নেয়ার সুযোগ নেই।
শনিবার (২৯ অক্টোবর) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুবউল আলম হানিফ বলেন, বাংলাদেশের মানুষ ২০০১ থেকে ২০০৬ সালে ফিরে যাবে না। এমনকি একাত্তরের আগের পেয়ারের পাকিস্তানেও যাবে না। কারণ আমরা যুদ্ধ করে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছি।
আওয়ামী লীগ কারো হুমকি, বানরের ভেংচি দেখে ভয় পাওয়ার দল নয় উল্লেখ করে হানিফ বলেন, আপনারা (বিএনপি) স্বপ্ন দেখছেন ধাক্কা দিয়ে আওয়ামী লীগকে ফেলে দিবেন। আওয়ামী লীগ সরকার কচুপাতার পানি নয় যে ধাক্কা দিলে টলমল করে পড়ে যাবে। আওয়ামী লীগের শিকড় এই দেশের মাটির অনেক গভীরে। যে দলের জনসম্পৃক্ততা নেই, সেই দল টিকে না। ১৯৯৬ সালে বেগম খালেদা জিয়া নির্বাচন করে ক্ষমতা আঁকড়ে থাকতে চেয়েছিলেন। কিন্তু আমরা ৪৫ দিনের মাথায় টেনেহিঁচড়ে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছিলাম। আমরা গণতেন্ত্র বিশ্বাসী বলে সহনশীলতার পরিচয় দিচ্ছি। কয়েকটা সমাবেশ করে ভাবছেন খেলা বোধ হয় জমে গেছে। দিল্লি এখনো অনেকদূর।










