আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তাদের হুমকির কি আছে। তাতে কি সংসদ অচল হয়ে যাবে? তারা কয়জন? ৭ জন। ৭ জন পদত্যাগ করলে সংসদ কি অচল হয়ে যাবে? পদত্যাগের ব্যাপারটা তাদের দলের সিদ্ধান্তের ব্যাপার। এটা আমাদের বিষয় না। হারাধন গেলেও কি, না গেলেও কি, নির্বাচনের এক বছর বাকি।
আজ রোববার (৩০ অক্টোবর) সকালে দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন-পূর্ব প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘নির্বাচনের এখনও এক বছর বাকি। এখনও অনেক সময়। এর মধ্যে কত কিছু ঘটে যাবে। নাটকের পর নাটক। বিএনপি তো রঙ্গে রঙ্গে নাটক দেখায়। গতবারও আসবে না, আসবে না, পানি ঘোলা করে শেষ পর্যন্ত ঠিকই এসেছে। পরিস্থিতি কোথায় গিয়ে গড়ায় দেখুন। পদ্মা-মেঘনা-যমুনা-মধুমতির জল। এই জল গড়িয়ে যাবে অনেক দূর। জল যাবে মিশে বঙ্গোপসাগরের সঙ্গে। কাজেই অপেক্ষা করুন। সময়ে অনেক কিছু বদলায়।










