ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দেশ লুটেরা ও দুর্নীতিবাজদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। যার প্রমাণ নারায়ণগঞ্জে একটি পরিবার নিজের বাড়ী আওয়ামী লুটেরাদের হাত থেকে রক্ষা করতে ব্যর্থ হয়ে আত্মহত্যার চেষ্টা।
আজ রবিবার (৩০ অক্টোবর) সকালে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আমেলা ও থানা শাখার যৌথসভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মাওলানা ইউনুছ আহমাদ বলেন, দুর্নীতিগ্রস্ত সরকার গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি ও খাদ্য সংকট মোকাবেলায় ব্যর্থ হয়ে দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল যখন সরকারের লুটপাট ও টাকা পাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কর্মসূচি পালন করছে, তখন তাদের উপর সরকার উল্টো দমন নিপীড়ন চালিয়ে যাচ্ছে। আমরা যখন দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বলেছিলাম দেশে নীরব দূর্ভিক্ষ চলছে অবৈধ সরকার তখন পাত্তা দেয়নি। এখন দুর্নীতিগ্রস্ত সরকার গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি ও খাদ্য সংকট মোকাবেলায় ব্যর্থ হয়ে দেশকে দূর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে।










