ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দেশে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার চক্রান্ত চলছে। সরকারের এহেন কর্মকান্ডের প্রতিবাদে এবং সিলেবাসে ইসলামী শিক্ষা বাধ্যতামুলক করার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়মতান্ত্রিকভাবে কর্মসূচি পালন করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় আগামী (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে বিশাল গণমিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
রবিবার (৩০ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে চরমোনাই পীর বলেন, ভারতের আদর্শে শিক্ষা সিলেবাসের মাধ্যমে বিরানব্বই ভাগ মুসলমানের দেশে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার যে চক্রান্ত শুরু হয়েছে ঈমানদার জনতা তা রুখে দিবে ইনশাআল্লাহ।
চরমোনাই পীর আরও বলেন, দেশের শিক্ষা, সংস্কৃতিতে ভারতীয় আগ্রাসন ভয়াবহভাবে চলছে। ইসলাম বিদ্বেষী অপসংস্কৃতির চেতনাধারীরা এদেশের শিক্ষা ব্যবস্থায় মানুষের ঈমান-আকিদা, কৃষ্টি-কালচার, ইতিহাস-ঐতিহ্য ও ধর্মীয় চেতনা উঠিয়ে দিতে চায়। মোদি অনুসারী ওই নাস্তিক্যবাদীরা প্রশাসন থেকে ইসলামী চিন্তা-চেতনার বদলে শিক্ষা-সংস্কৃতিতে সুকৌশলে অপসংস্কৃতি ঢুকিয়ে দিচ্ছে। জেনারেল শিক্ষা সিলেবাসের সাথে সাথে মাদরাসা সিলেবাসেও হিন্দুত্ববাদী শিক্ষা সংযোজন করছে। ভারতে দারুল উলূম দেওবন্দসহ ৭শ মাদরাসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। কথাবার্তা পরিস্কার, ভারতকে মাদরাসা বন্ধের সিদ্ধান্ত থেকে ফিরে আসতে হবে।










