ইসলামি শরিয়াহর নীতির ভিত্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে চায় আফগান সরকার বলে জানিয়েছেন দেশটির শরণার্থী ও প্রত্যাবাসনবিষয়ক মন্ত্রী মাওলানা আব্দুল কবির। একই সঙ্গে অন্যান্য দেশের প্রতি আফগানিস্তানের ইসলামি ব্যবস্থা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন তিনি।
জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি এবং আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নবনিযুক্ত প্রধান রাবাব ফাতিমার সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
বৈঠকে দেশে ফিরে আসা আফগান শরণার্থীদের বিভিন্ন চ্যালেঞ্জ এবং তাদের জন্য মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়। শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ঝুঁকিপূর্ণ ও অসহায় আফগানদের মানবিক সহায়তা দেওয়া, স্থায়ী আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং ফিরে আসা শরণার্থীদের সমাজে পুনঃএকীভূত করার বিষয়গুলো গুরুত্ব পায়।
রাবাব ফাতিমা আফগান কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন, জাতিসংঘ তাদের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে। ফিরে আসা শরণার্থীদের মানবিক সহায়তা, টেকসই আবাসন ও জীবিকার সুযোগ নিশ্চিত করার প্রচেষ্টায় জাতিসংঘ সহায়তা করবে বলেও জানান তিনি।
তিনি মানবিক সহায়তা সংগ্রহ, আফগানিস্তানের সঙ্গে আন্তর্জাতিক সম্পৃক্ততা বাড়ানো এবং মানবাধিকার-সংক্রান্ত উদ্বেগ মোকাবিলাকে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন।
মাওলানা আব্দুল কবির আরও বলেন, দেশজুড়ে নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে।
ফিরে আসা আফগান শরণার্থীদের জন্য প্রতিষ্ঠিত বসতিগুলোতে প্রয়োজনীয় মৌলিক সেবা নিশ্চিত করতে সহায়তা করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানান তিনি।
সূত্র : আরিয়ানা নিউজ











