ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রায়িসি বলেছেন, আমেরিকা হচ্ছে এখন ক্ষয়িষ্ণু শক্তি, দিন দিন তারা দুর্বল হচ্ছে।
বুধবার (২৯ ডিসেম্বর) রাতে নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এ কথা বলেন।
রায়িসি বলেন, নিকারাগুয়ার ওপর আমেরিকা যে চাপ সৃষ্টি করেছে এবং নিষেধাজ্ঞা দিয়েছে তা কাটিয়ে উঠতে তারা সক্ষম হবেন, যেভাবে ইরান কাটিয়ে উঠছে। আমেরিকা ও তার মিত্ররা ইরানের জনগণের জন্য যে বাধা সৃষ্টি করেছে তাতে দেশের উন্নয়ন ঠেকিয়ে রাখা যায়নি।
তিনি বলেন, আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি নিকারাগুয়াও আমেরিকার হুমকি এবং নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে পারবে। কারণ আমেরিকা হচ্ছে ক্ষয়িষ্ণু শক্তি, তারা দিন দিন দুর্বল হচ্ছে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, বিশ্বের স্বাধীনতা এবং মুক্তিকামী দেশগুলোর ইচ্ছা শক্তির ওপর আমেরিকার এই নিপীড়নমূলক পদক্ষেপ ও চাপ কোনো প্রভাব ফেলতে পারে না।











