করোনার মধ্যে পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, করোনার মধ্যে পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে। সরকারের পক্ষ থেকে আমরা আশানুরূপ কোনও কিছু দিতে পারিনি, কিন্তু পুলিশ কর্তব্য পালনে কোনও ঢিলেমি করেনি। করোনাকালীন মূল দায়িত্ব পালন করেছে তারা।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে কোভিড-১৯ নিয়ন্ত্রণে জীবনের ঝুঁকি নিয়ে সম্মুখযোদ্ধা হিসেবে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের কাজের স্বীকৃতিস্বরূপ সরকার অনুমোদিত ‘করোনা ইনসিগনিয়া’ উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, করোনাকালীন পুলিশ কর্মক্ষেত্রের বাইরে গিয়ে যে ধরনের মানবিক কাজ করেছে, তাতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে বাহিনীটি। করোনার সংক্রমণ শুরুর দিকে যখন পরিবারের কোনও সদস্য মারা যেত, তখন তাদের দাফনের জন্য কিংবা গ্রহণ করতে অনেকেই অপারগতা প্রকাশ করেছেন। লাশ দাফন থেকে শুরু করে বাসায় বাসায় খাবার পৌঁছে দেওয়ার মতো মানবিক কাজগুলো তখন করেছেন পুলিশের সদস্যরা।










