মাওলানা কারী বেলায়েত হুসাইন রহ.-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও স্মারকগ্রন্থের প্রকাশনা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কারী বেলায়েত হুসাইন রহ.-এর সাহেবজাদা মাওলানা মুহাম্মাদ কালিমুল্লাহ হাসান জামিল।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ প্রকাশনা মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়া মোহাম্মদপুরের মুহতামিম মাওলানা আবুল কালাম আজাদ, মুফতী মিযানুর রহমান সাঈদ, মাওলানা উবায়দুর রহমান খান নদভী, বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মুফতী আবুল হাসান শামসাবাদী, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা মুহাম্মাদ যাইনুল আবিদীন, মাওলানা শরীফ মুহাম্মাদ, মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, মুসা আল হাফিজ, সাইয়েদ মাহফুজ খন্দকার, মাওলানা মাসউদুল কাদির, মাওলানা মনীরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ‘নিরক্ষতা দূরীকরণ, শিশু-কিশোরদের মাঝে ধর্মশিক্ষা এবং কুরআনুল কারীমের প্রচার-প্রসারে শাইখুল কুরআন মাওলানা কারী বেলায়েত হুসাইন রহ.-এর ব্যাপক ভূমিকা রয়েছে। তিনি জাতিকে যে শিক্ষার আলো দেখিয়েছেন এবং শিশুদের জন্য যে মক্তব শিক্ষা ব্যবস্থা চালু করেছেন ও জাতিকে নূরানী তা’লীমুল কুরআন বোর্ড উপহার দিয়েছেন এজন্য তিনি বছরের পর বছর চর্চিত হবেন এবং বেঁচে থাকবেন তার কর্ম ও সাধনায়।
প্রসঙ্গত, উপমহাদেশে শিশুশিক্ষার বিস্তার, উন্নয়নের বিপ্লবী সাধক এবং নূরানী শিক্ষাপদ্ধতির প্রবর্তক মাওলানা কারী বেলায়েত হুসাইন রহ.-এর বর্ণাঢ্য ও কর্মময় জীবনের ওপর প্রকাশিত হয়েছে একটি প্রামাণ্য স্মারকগ্রন্থ। ৬৫৬ পৃষ্ঠা কলেবরের স্মারকগ্রন্থটিতে স্থান পেয়েছে দেড় শতাধিক লেখা। লেখকদের মধ্যে আছেন গবেষক, লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ, আলেম, সমাজকর্মী, রাজনীতিবিদ, পীর-মাশায়েখ ও সমাজসেবক। শাইখুল কুরআনের জীবনের প্রায় সবগুলো অধ্যায় উঠে এসেছে তাদের বৈচিত্র্যধর্মী লেখায়।
প্রামাণ্য এই স্মারকগ্রন্থটি সম্পাদনা করেছন আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব। স্মারকগ্রন্থটির প্রধান সম্পাদক লেখক, সাংবাদিক জহির উদ্দিন বাবর। এছাড়া বেশ কয়েকজন উদ্যমী তরুণ লেখক স্মারকগ্রন্থটির কাজে সহযোগিতা করেন।











