সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড রায়ের পর মামলার বাদী ও নিহতের বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বলেছেন, আমাদের প্রত্যাশা অনেকখানি পূরণ হয়েছে, সন্তুষ্টির জায়গাটা সেদিন বলবো যেদিন এটা কার্যকর হবে।
সোমবার (৩১ জানুয়ারি) বিকালে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে মামলার রায় ঘোষনার পর তিনি একথা বলেন।
মামলায় তদন্ত সংস্থা এবং প্রসিকিউশসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেজর সিনহার বোন বলেন, দেশে যে আইনের শাসন আছে তাতে মানুষ আশাবাদী হবে। প্রধান দুই আসামির এমন শাস্তি না হলে আমরা অবাক হতাম। আদালত চুলচেরা বিশ্লেষণ করে রায় দিয়েছেন। আমাদের প্রত্যাশা অনেকখানি পূরণ হয়েছে, সন্তুষ্টির জায়গাটা সেদিন বলব যেদিন এটা কার্যকর হবে।
মেজর সিনহার বোন বলেন, সাতজনকে একেবারে বেকসুর খালাস দেওয়া হয়েছে। সেখানে আমার কাছে মনে হয়েছে, সেটা তো সম্ভব না। দায়বদ্ধতা তো কেউ এড়াতে পারে না, সে ক্ষেত্রে হয়তো তাদের কিছু সাজা হলেও হতে পারতো। তখন প্রত্যাশাটা আরেকটু বেশি পূরণ হয়েছে বলা যেতো।
সাতজনের খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন কিনা এমন প্রশ্নের জবাবে শারমিন শাহরিয়া ফেরদৌস বলেন, ওই বিষয়টা আইনজীবীর সঙ্গে আলাপ করে তারপর চিন্তা করে সিদ্ধান্ত নেব।











