মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
বুধবার (৩১ মে) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সদস্যরা পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এলে এ আহ্বান জানান তিনি। ।
আইজিপি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে আপনারা জনমনে যে আস্থা তৈরি করেছেন, তা ধরে রাখতে আপনাদেরকে সচেষ্ট থাকতে হবে। আমরা সাংবাদিকদের গঠনমূলক সমালোচনাকে সবসময় স্বাগত জানাই। ফলে আমাদের পেশাগত কাজ আরও শাণিত হয়। পেশাগত প্রয়োজনে পুলিশ-সাংবাদিক যোগাযোগ বাড়ানোর প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে রয়েছে। দুর্বার গতিতে দেশ এগিয়ে যাচ্ছে। মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধু বাংলাদেশকে ‘সোনার বাংলাদেশ’ হিসেবে গড়তে চেয়েছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে আধুনিক, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন। স্মার্ট বাংলাদেশ গঠনে সাংবাদিকদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং চালু করা হয়েছে। ফলে জনগণের সাথে পুলিশের সম্পর্ক সুদৃঢ় হয়েছে। জনগণের মাঝে পুলিশভীতি দূর করার ক্ষেত্রে সাংবাদিকদেরও ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন আইজিপি।











