জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, বর্তমানে বিএনপি যেভাবে এনসিপিকে বাধা দেওয়া, প্রতিরোধ করা এবং গলা টিপে ধরার চেষ্টা করছে, তা ‘ব্রেইনলেস আওয়ামী লীগের’ মতো আচরণ।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হবিগঞ্জে সাম্প্রতিক মামলা প্রসঙ্গে সারজিস আলম বলেন, এনসিপির রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিয়ে বিএনপি এমন আচরণ করছে, যা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এনসিপিকে রাজনৈতিকভাবে দমিয়ে রাখতে পরিকল্পিতভাবে বাধা দেওয়া হচ্ছে এবং গলা টিপে ধরার চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, “আমরা শুনলাম, আমাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা হয়েছে। আসলে ছিনতাই একটি হয়েছে, তারেক রহমান ও বিএনপির মান-সম্মান ছিনতাই হয়েছে। কিন্তু ছিনতাই তারা নিজেরাই করেছে। তাদের কর্মকাণ্ডের মাধ্যমেই করেছে। এখন বাংলাদেশের মানুষের সামনে তাদের মুখ দেখানোর মতো অবস্থা নেই।”
সারজিস আলম বলেন, “যারা ছাত্রদলের হয়ে এটি করেছে, তারা কতটা অথর্ব হলে এত মান-সম্মান চলে যাওয়ার পরও আবার এমন একটি কাজ করে, যা মানুষের কাছে হাসির খোরাক হয়। এটিই তাদের বুদ্ধিবৃত্তিক অবস্থা।”
তিনি আরও বলেন, “বর্তমানে বিএনপি যেভাবে আমাদের বাধা দেওয়া, প্রতিরোধ করা এবং গলা টিপে ধরার চেষ্টা করছে, এটি ব্রেইনলেস আওয়ামী লীগের মতো। আওয়ামী লীগের তো ওইটুকু ছিল, এরা ওইটুকুও দেখাতে পারছে না।”
মামলার বিষয়ে সারজিস আলম বলেন, “আমি শুধু এটিই ভাবছি, যেখানে মামলাটি নেওয়া হয়েছে এবং যিনি মামলাটি লিখেছেন, তিনিও হয়তো মনে মনে তাদের গালি দিচ্ছিলেন, যারা তাকে মামলাটি লিখতে বাধ্য করেছে।”










