ধর্মের নামে দেশ ভাগের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ধর্মকে কেন্দ্র করে দেশে বিভাজনের কোন সুযোগ নেই। সব ধর্মের মানুষের নিরাপত্তা ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর কাকরাইলে সম্মিলিত সনাতন পরিষদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, এ দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদার দেশ। ধর্মকে কেন্দ্র করে বিভেদ সৃষ্টি করে কেউ যেন সমাজে অস্থিরতা তৈরি করতে না পারে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে। আমি কখনোই আপনাদের সংখ্যালঘু মনে করি না। আপনারা এ দেশের সন্তান, এ দেশের নাগরিক।
তিনি আরও বলেন, অতীতে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হওয়ায় সব নাগরিকের অধিকার নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে বর্তমান সরকার সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।










