প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ই- ইলাহী চৌধুরী জানিয়েছেন, রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানিতে আমেরিকার কোনো আপত্তি নেই।
বুধবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি।
তৌফিক ই- ইলাহী চৌধুরী জানান, আমেরিকার আন্ডার সেক্রেটারির সঙ্গে আমার আলাপ হয়েছে। আমি জানতে চেয়েছি রাশিয়া থেকে তেল আমদানিতে কোনো বাধা আছে কিনা, তিনি জানান, তেল, সার ও খাদ্যের ওপর আমেরিকার কোনো নিষেধাজ্ঞা নেই। ফলে আমরা ধরেই নিতে পারি রাশিয়া ও অন্যান্য থেকে তেল আমদানি করতে কোনো সমস্যা নেই।
তিনি বলেন, আমরা মনে করি বাইরে থেকে জ্বালানি তেল আমদানিতে আমেরিকা আমাদের সমর্থন করবে। জ্বালানি তেল ব্যবহারে যে সব কৃচ্ছতা আমরা নিচ্ছি তাতে আপনারা সহযোগিতা করবেন।










