spot_img
spot_img

ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশের একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজনই শিশু।

সোমবারের (৩১ আগস্ট) এই শক্তিশালী বিস্ফোরণে আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, উত্তর প্রদেশের কৌশাম্বি জেলায় অবস্থিত কারখানাটিতে হঠাৎ তীব্র বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কারখানার আশপাশের বেশ কয়েকটি বাড়ি ধসে পড়ে। নিহতদের বেশিরভাগই ধসে পড়া বাড়িগুলোর বাসিন্দা ছিলেন।

ভারতীয় দৈনিক *দ্য হিন্দুস্তান টাইমস*-এর প্রতিবেদনে বলা হয়েছে, নিহত আট শিশুর বয়স চার থেকে ১৩ বছরের মধ্যে।

উত্তর প্রদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সত্যনারায়ণ প্রজাপত হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

কী কারণে এই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করতে পারেনি প্রশাসন। তবে দুর্বল নজরদারি ও নিরাপত্তা বিধি না মেনে কাজ করার কারণে দেশটিতে প্রায়ই এ ধরনের মারাত্মক দুর্ঘটনা ঘটে থাকে। এর আগে চলতি বছরের মার্চে পশ্চিম ভারতের একটি আতশবাজি কারখানায় অগ্নিকাণ্ডে ১৭ জন এবং পরবর্তী মাসে দক্ষিণাঞ্চলের একটি গুদামে আগুনে আরও আটজনের মৃত্যু হয়েছিল।

সূত্র: এএফপি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ