spot_img

বাংলাদেশে মন্দিরে হামলার পর ত্রিপুরায় মসজিদে হামলা হয়েছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে মন্দিরে হামলার ঘটনা ঘটানোর পর পার্শ্ববর্তী দেশ ভারতের ত্রিপুরায় মসজিদে হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনা ঘটিয়ে তারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে, তারা এসব ঘটনা ঘটিয়ে এক দলকে ক্ষমতায় রাখতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ এটা চায় না। এ দেশে নির্বাচনের মাধ্যমে বারবার সরকার পরিবর্তন হয়েছে। বারবার গণতন্ত্রের বিজয় হয়েছে। মানুষ আবারও সেটাই দেখতে চায়।

রোববার (৩১ অক্টোবর) বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নারী অধিকার ফোরাম আয়োজিত গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার আবারও ক্ষমতায় আসার জন্য দেশে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটাচ্ছে। তাদের উদ্দেশ্য- সহিংসতার দায় বিএনপির ওপর চাপিয়ে আবারও ক্ষমতায় আসা।

তিনি বলেন, পরিকল্পিতভাবে একজন পাগলকে দিয়ে মসজিদে কোরআন রাখা হলো। মুসলমানরা আন্দোলনে নামলো। আবার হাজীগঞ্জে হামলা করা হলো। এগুলো সব একইসূত্রে গাঁথা। এই যে তারা পরিকল্পিত ঘটনা ঘটাচ্ছে, এটা তাদের একটা অস্ত্র। এ অস্ত্রকে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করে তারা আবার ক্ষমতায় আসতে চায়।

বিএনপির এ নেতা বলেন, আমরা রংপুরে দেখেছি, ছাত্রলীগের দুজন নেতা পুলিশের উপস্থিতিতে হামলা চালিয়েছে। অতএব এসব ঘটনা কে ঘটাচ্ছে, এ নিয়ে কোনো সন্দেহ করা কিংবা ভাবার অবকাশ নেই। কারণ এটা ঘটিয়েছে সরকার নিজেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ