ভারতের ত্রিপুরা রাজ্যে হিন্দুত্ববাদী গোষ্ঠী কর্তৃক মুসলমানদের বাড়িঘর ও মসজিদে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন-এর আমীর আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী।
রবিবার (৩১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আল্লামা হাফেজ্জী বলেন, বাংলাদেশে দুর্গাপূজার সময় মন্দির অপবিত্র করার গুজবকে কেন্দ্র করে ত্রিপুরার সংখ্যালঘু মুসলমানদের বাড়িঘর ও তাদের পবিত্র মসজিদ আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া ভারতকে মুসলিমশূন্য করার পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।
আল্লামা হাফেজ্জী আরও বলেন, ভারতের ক্ষমতাসীন জনতা পার্টির (বিজেপি) ইন্ধনে বারবার সংখ্যালঘু মুসলমানদের উপর জুলুম-নির্যাতন চলছে। পত্র-পত্রিকা ও মিডিয়ার মাধ্যমে জানা গেছে, এ পর্যন্ত ষোলটি মসজিদে কমপক্ষে ২৭ বার হামলা চালানো হয়েছে। হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা কয়েকটি মসজিদে তাদের পতাকা ও প্রতীক দিয়েছে এবং আগুন ধরিয়ে দিয়েছে তিনটি মসজিদে।
তিনি বলেন, গণতান্ত্রিক রাজ্য ভারতে সে দেশের সংখ্যালঘু মুসলিমদের উপর জুলুম-নিপীড়ন কোনোভাবেই কাম্য নয়। এ অবস্থা চলতে থাকলে সেদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে এবং সারাদেশে গৃহযুদ্ধের আগুন ছড়িয়ে পড়বে।
আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী অবিলম্বে ত্রিপুরার মুসলমানদের বাড়িঘর ও মসজিদে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানসহ ভারতের ত্রিপুরাসহ সর্বত্র মুসলমানদের জান-মাল এবং মসজিদ-মাদরাসার নিরাপত্তা নিশ্চিত করার জন্য মোদী সরকারের প্রতি আহ্বান জানান।










