পাকিস্তানের সঙ্গে আফগানিস্তান কোনো ধরনের উত্তেজনা চায় না। দুই দেশের মধ্যকার মতপার্থক্য শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য ইমারাতে ইসলামিয়া বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন দেশটির মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ।
মাওলানা মুজাহিদ বলেন, ইমারাতে ইসলামিয়া কয়েকটি দেশের মধ্যস্থতায় ইসলামাবাদের কাছে বার্তা পৌঁছে দিয়েছে এবং পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তবে এসব প্রচেষ্টা এখনো কোনো ফলাফল বয়ে আনেনি।
তিনি বলেন, “আফগানিস্তান এই উত্তেজনা শুরু করেনি। আমরা শুধু আত্মরক্ষার জন্য পদক্ষেপ নিয়েছি। উত্তেজনা শান্তিপূর্ণভাবে নিরসনের জন্য আমরা সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালিয়েছি। কয়েকটি দেশও মধ্যস্থতা করেছে এবং ইমারাতে ইসলামিয়ার কর্মকর্তারা তাদের বার্তা পৌঁছে দিয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে, এসব প্রচেষ্টা এখনো কোনো ফলাফল বয়ে আনেনি।”
মাওলানা মুজাহিদ বলেন, পাকিস্তান তাদের আগের নীতিগুলো অব্যাহত রাখার বিষয়ে অনড় থাকায় এসব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, অগ্রগতি না হলেও ইমারাতে ইসলামিয়া সংঘাত চায় না। বরং পাকিস্তানের সঙ্গে মতপার্থক্য শান্তিপূর্ণভাবে সমাধান করতেই তারা আগ্রহী।
মাওলানা মুজাহিদ আরও বলেন, “এর কারণ হলো, পাকিস্তান তাদের আগের ব্যর্থ নীতিগুলো অব্যাহত রাখার বিষয়ে অনড়। ইসলামাবাদ শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে প্রস্তুত নয়। আমরা আবারও বলছি, আমরা কোনো উত্তেজনা চাই না এবং মতপার্থক্য শান্তিপূর্ণভাবে সমাধানে বিশ্বাস করি।”
পাকিস্তানের সঙ্গে উত্তেজনা শান্তিপূর্ণভাবে সমাধানের বিষয়ে ইমারাতে ইসলামিয়ার নতুন করে দেওয়া এই গুরুত্ব এমন সময়ে এলো, যখন কাবুল ও ইসলামাবাদের মধ্যকার উত্তেজনা কমাতে সম্প্রতি কাতার, তুরস্ক ও চীনের সঙ্গে রাশিয়াও যুক্ত হয়েছে।
সূত্র: টোলো নিউজ











