ভারত থেকে দেশে ফিরে বিভিন্ন এলাকায় অবস্থান নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপির কিছু লোক টাকার বিনিময়ে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। দলের ভেতরে থাকা এসব ব্যক্তির বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর শাহজাহানপুরে ঢাকা-৮ আসনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ‘বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা আসা শুরু করেছেন। আপনারা দয়া করে চোখ-কান খোলা রাখবেন, কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। টাকার বিনিময়ে আমাদের বিএনপির কিছু লোক তাদের আশ্রয় দিচ্ছেন। ইনশাআল্লাহ, সবাইকে একযোগে প্রতিহত করা হবে।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মী এবং তাদেরকে আশ্রয়দাতা কাউকেই ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগ যাদের মিত্র, তারা বিএনপির বন্ধু হতে পারে না।’
দলের ভেতরের এমন ব্যক্তিদের বিষয়ে সতর্ক করে মির্জা আব্বাস বলেন, ‘বিএনপির যে শত্রু, সে আমারও শত্রু। দলের ভেতরের কেউ যদি এদের সহযোগিতা করেন, আমাদের জানাবেন, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি বলেন, আওয়ামী লীগের কয়েকজন নেতা ভারত থেকে এসে বিভিন্ন এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করছেন। তাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার ক্ষেত্রে দলের ভেতরের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এ সময় মির্জা আব্বাস বলেন, বিএনপি রাজপথের দল। দলের নেতাকর্মীরা কোনো অপকর্মের বিরুদ্ধে ঘরে বসে থাকবে না। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।











