বিএনপি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক বিষোদগার করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, গাড়ি পোড়ানো এবং মানুষকে জিম্মি করে বোমা নিক্ষেপ করার হুকুমের মামলার আসামি হওয়া সত্ত্বেও যে ধরণের রাজনৈতিক স্বাধীনতা তারা ভোগ করছেন, দণ্ডপ্রাপ্ত বেগম জিয়াকে মুক্ত রেখে তার ইচ্ছেমতো চিকিৎসা নেওয়ার সুযোগ দিয়ে প্রধানমন্ত্রী যে মহানুভবতা দেখিয়েছেন, তারপরও তারা সরকার এবং আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক বিষোদগার করছেন, অন্য কোন দেশে এতটুকু করতে পারতেন কিনা সেটি নিয়ে প্রশ্ন রয়েছ।
শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনের মাল্টিপারপাস হলে মুক্তিযুদ্ধকালে পাকিস্তানিদের হাতে নিহত তৎকালীন পুলিশ সুপার শামসুল হকের বীরত্বগাথা অবলম্বনে নির্মিতব্য পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দামপাড়া’র মহরত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাহেব সকালে একবার সরকারের বিরুদ্ধে বিষোদগার করেন, বিকেলে একবার করেন, আবার মাঝেমধ্যে সন্ধ্যাবেলায়ও করেন। তাদের নেতারা সারাদেশে ঘুরে ঘুরে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করছে। তারা এর চেয়ে বেশি কি রাজনৈতিক স্বাধীনতা চান? তারা কি অবাধে গাড়িঘোড়া ও মানুষের সম্পত্তি পোড়ানোর অধিকার চান?
বেগম খালেদা জিয়ার চিকিৎসায় মুক্তির জন্য সরকারের কাছে করা আবেদন নাকচ হওয়ায় ‘এ বিষয়ে রাজপথে ফয়সালা হবে’- বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি যদি রাজপথেই বেগম খালেদা জিয়ার মুক্তি চায়, তাহলে সরকারের কাছে কেন তারা তাকে বিদেশ পাঠানোর আবেদন জানান। এই দ্বিচারিতা পরিহার করা উচিত।










