সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, সেনাবাহিনী সবসময় জনগণের সমর্থন নিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌম রক্ষায় কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, শীতকালীন প্রশিক্ষণের সময় সেনাবাহিনী জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে অসহায়, দুঃস্থ ও শীতার্ত মানুষের পাশে থাকে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী কক্সবাজার অঞ্চলের অসহায়, দুঃস্থ ও গরীব-দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছে।
শনিবার (৩১ ডিসেম্বর) কক্সবাজারের রামু ১০ পদাতিক ডিভিশনের শীতকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শনের সময় কক্সবাজারের উখিয়া ইনানী এলাকায় শীতবস্ত্র বিতরণ ও সেনাবাহিনী পরিচালিত চিকিৎসাক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এস এম শফিউদ্দিন বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার পাশাপাশি দেশ গঠনমূলক বিভিন্ন কর্মকাণ্ড, জাতীয় দুর্যোগ মোকাবিলায় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালন করে সুখ্যাতি ও প্রভূত সুনাম অর্জন করেছে সেনাবাহিনী।










