বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৪ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন জাহিদুল ইসলাম।
রোববার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় ছাত্রশিবিরের সহকারী নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের সঞ্চালনায় প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি আ ন ম শামসুল ইসলাম শহীদ আব্দুল মালেক মিলনায়তনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করেন। নাম ঘোষণার পর নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতিকে শপথবাক্য পাঠ করান ছাত্রশিবিরের প্রধান নির্বাচন কমিশনার।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর সকাল ৮টা থেকে ৩০ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত সারাদেশে অনলাইনের মাধ্যমে একযোগে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ছাত্রশিবিরের সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সভাপতি ২০২৪ সেশনের জন্য কার্যকরী পরিষদের সাথে পরামর্শ করে জাহিদুল ইসলামকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন দেন।
সম্মেলনে সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ।
নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম এর পূর্বে যথাক্রমে সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় দফতর সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্রচার সম্পাদক, কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক, কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক এবং রাজশাহী মহানগর শাখা সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবিএ অধ্যয়নরত আছেন।
নব মনোনীত সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম ইতোপূর্বে কেন্দ্রীয় দফতর সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতির দায়িত্ব পালন করেছেন।
তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এইচআরএম বিভাগে এমবিএ অধ্যয়ন করছেন।










