সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ফিলিস্তিনের গাজ্জায় ইসরায়েল যা করছে বাংলাদেশে বিএনপি তা করছে। বিএনপি বাস পোড়াচ্ছে, ট্রেন পোড়াচ্ছে, মানুষকে আগুন দিয়ে হত্যা করছে। ওই হানাদার বাহিনী যে নিকৃষ্ট কাজ করছে তাই বাংলাদেশে করা হচ্ছে তারেক জিয়ার নির্দেশে। তার দেশে আসার সাহস নেই। বিএনপির সৎ সাহস নেই, তারা পালিয়ে গেছে।
রোববার (৩১ ডিসেম্বর) নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে গণসংযোগে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের আরও বলেন, নির্বাচন বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে যাতে ভোটকেন্দ্রে ভোটাররা না আসতে পারে। তাদের জবাব দিতে হবে। আমরা দলে দলে একত্রিত হয়ে এর জবাব দেব। ৭ জানুয়ারি আমরা জবাব দেব। খেলা তো হবে। ৭ জানুয়ারি ফাইনাল খেলা। আন্তর্জাতিক সংস্থা নির্বাচন পর্যবেক্ষণ করছে। বিদেশী শক্তি আমাদেরকে পরামর্শ দিলে গ্রহণ করব। কিন্তু আমাদের নির্বাচনের ক্ষতি হয় এমন শক্তিকে উস্কানি দিলে এটা মেনে নেব না। বাংলাদেশের নির্বাচন ঠেকানোর শক্তি কারো নেই।











