নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, জাতিসংঘ থেকে ৫৪ জনের লিস্ট দিয়ে সরকারের কাছে তাদের সন্ধান চাওয়া হয়েছে। এতে বুঝতে হবে, সরকার ও পুলিশ ধরা খেয়েছে। পত্র-পত্রিকায় দেখছি, ঘটনা চাপা দিতে পুলিশ কাগজ নিয়ে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে যাচ্ছে।
শনিবার (১৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে ‘মায়ের ডাক’ আয়োজিত গুমের শিকার ভিকটিম পরিবারগুলোর প্রতি শুরু হওয়া হয়রানির প্রতিবাদে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
মান্না বলেন, পুলিশের কোনো চাপের মুখে নতি স্বীকারের দরকার নেই। পুলিশ বাসায় যাচ্ছে একটি কাগজে সই করাতে, যেন তারা বিচার থেকে মুক্তি পেতে পারে। আমি মাহমুদুর রহমান মান্না, আমার দল নাগরিক ঐক্য যদি কোনোদিন ক্ষমতায় যায় তবে গুমের ঘটনা গুনে গুনে তদন্ত করব। দোষী ব্যক্তিদের বিচার করব। তাই সবাইকে রাজপথে নামার ও ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, সরকারের পতনের ঘটনা বেজে গেছে। আগামী নির্বাচনে তারা ভোট ডাকাতির স্বপ্ন দেখতে পারে, কিন্তু সে আসায় গুড়ে বালি। পুলিশ তাদের রক্ষা করতে পারবে না। আর পুলিশদের বলি, আপনারা কেন অপরাধের খাতায় নাম লেখাচ্ছেন? যে মানুষগুলো দেশের আনাচে কানাচে কাঁদছে, তাদের থেকে মাফ পাবেন না।










