দলীয় নেতাকর্মীদের উদ্দেশ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, হামলা-মামলা করে বিএনপিকে দামানো যাবে না। প্রস্তুত হোন। আন্দোলনের ডাক আসছে। সেই আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটানো হবে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাজধানীর গুলশানে নিজ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সরকার দেশের সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করে ধ্বংস করে দিয়েছে। বিরোধী দলকে দমন করতে, জনগণের মৌলিক অধিকার হরণ করতে প্রশাসনকে যথেচ্ছভাবে ব্যবহার করছে। পুরো দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে ক্ষমতাসীন সরকার।
তিনি বলেন, এই সরকার পরিকল্পিতভাবে দেশকে, দেশের গণতন্ত্রকে ধ্বংস করছে। তাদের কারণেই আইনশৃঙ্খলা বাহিনীর একটি প্রতিষ্ঠানকে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় নেওয়া হয়েছে। সেখান থেকে শিক্ষা না নিয়ে এখনো র্যাব, পুলিশকে বিরোধী দল দমনে ব্যবহার করা হচ্ছে। কিন্তু এর পরিণতিও ভালো হবে না।
নিজ জেলায় দলীয় আন্দোলনে পুলিশি বাধা সম্পর্কে বিএনপির এ নেতা বলেন, নাটোরে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি বাধা দিয়ে, হামলা করে, মামলা করে নেতাকর্মীদের আটক করা হচ্ছে। গত নভেম্বরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশকে কেন্দ্র করে পুলিশ নির্বিচারে নেতাকর্মীদের ওপর হামলা করে অনেককে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে বেশ কয়েকজন নেতাকর্মী গত মঙ্গলবার কারাগার থেকে মুক্তি লাভ করলে আবারও গায়েবি মামলা দেওয়া হয় তাদের বিরুদ্ধে। মামলা-হামলা-কারা নির্যাতন করে বিএনপিকে শেষ করে দেওয়ার জন্যই এসব নতুন-নতুন মামলা দেওয়া হচ্ছে।










