spot_img

শাবিপ্রবি উপাচার্যের বক্তব্য অত্যন্ত লজ্জাজনক: মাহমুদুর রহমান মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য তার পদত্যাগ নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা অত্যন্ত লজ্জাজনক। ভিসি সাহেব বলেছেন, আমি পদত্যাগ করতে পারি যদি সরকার বলে। ভাবতে পারেন! কত বড় দাসের দাস তিনি।

রবিবার (২৩ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, একটা বিশ্ববিদ্যালয়ের ভিসির ক্ষমতা নাই- সরকারের অনুমতি ব্যাতিরেকে পদত্যাগ করার। ওইখানে যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তার অসদাচরণের কারণে, তার দুর্নীতির কারণে যদি তাকে পথের মধ্যে, রোদের মধ্যে ২৪ ঘণ্টা দাঁড় করিয়ে রাখেন, তারপরেও তিনি বলতে পারেন না- আমি বিশ্ববিদ্যালয়ের ভিসি থাকতে পারবো না।

তিনি বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনশন ধর্মঘট করছে। তারা যে লড়াই করছে কিসের জন্য? তারা এখনো বড় কিছু চায়নি। তারা শেখ হাসিনার পদত্যাগ চায়নি, সরকারের পদত্যাগ চায়নি। শুধুমাত্র অনিয়ম, দুর্নীতি আর অসদাচরণের কারণে ওই বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ চায়। ওই বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ করবেন না কেনো?

মান্না বলেন, শিক্ষাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? আমাদের এখানে তিনটা থার্ড ডিভিশন, তিনটা থার্ড ক্লাস পাবার পরেও বিশ্ববিদ্যালয়ের চাকরি পাচ্ছেন, ইউনিভার্সিটির শিক্ষক হচ্ছেন। এই সচিবালয়ে ঢুকে দেখেন, সচিবালয়ে এমন সচিব আছেন যিনি তিনটা থার্ড ক্লাস পেয়েছেন। মেধার কী কোনো বিকল্প আছে?

spot_img
spot_img
spot_img

সর্বশেষ