জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, দুর্নীতি ও দুঃশাসন আর কিছু সরকারি কর্মকর্তা-কর্মচারীর অতি উৎসাহে দেশের মানুষ আওয়ামী লীগের ওপর বিরক্ত। আবার বিএনপির বক্তৃতায় দেশ ও দেশের মানুষের জন্য কী করবে তা স্পষ্ট নেই। দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রাখছে না। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির বিপরীতে জাতীয় পার্টিকে বিকল্প শক্তি হিসেবে বিবেচনা করছে।
বুধবার (২৬ জানুয়ারি) দুপুুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় যুব সংহতি আয়োজিত মিলাদ ও দুআ অনুষ্ঠানের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জাপা মহাসচিব বলেন, দেশের মানুষ জাতীয় পার্টিকে আরও শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে দেখতে চায়। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির হাত থেকে বাঁচার আশায় জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে।
তিনি বলেন, দেশের মানুষ জানতে চায় বিদেশে কারা লবিস্ট নিয়োগ করেছে। যদি আওয়ামী লীগ সরকারিভাবেই লবিস্ট নিয়োগ করে থাকে তাহলে সরকারকেই বলতে হবে কেন এবং কিভাবে টাকা দেওয়া হলো। আবার আওয়ামী লীগ যদি দলীয়ভাবে লবিস্ট নিয়োগ করে তা হলেও বলতে হবে এই টাকার উৎস কী এবং এই টাকা বৈধ নাকি অবৈধ এবং বিএনপি লবিস্ট নিয়োগ করলেও প্রকাশ করতে হবে কি উদ্দেশ্যে তারা লবিস্ট নিয়োগ করেছে, কোথায় পেয়েছে তারা এতো টাকা। দেশের মানুষ জানতে চায় বিদেশে লবিস্ট নিয়োগে কারা এবং কত টাকা পাচার করেছে।











