বহুল আলোচিত হত্যাকাণ্ড কক্সবাজারে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় ঘোষণার সময় পিছিয়েছে। ঘটনার দীর্ঘ ১৮ মাস পরে এই মামলার রায় হতে যাচ্ছে।
সোমবার (৩১ জানুয়ারি) সকালে এই মামলার কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেটি পিছিয়ে দুপুরে ঘোষণা করা হবে বলে জানা গেছে।
কক্সবাজার জেলা আদালতের ইন্সপেক্টর চন্দন কুমার দাশ সাংবাদিকদের জানান, আসামিদের দুপুর ২টার দিকে আদালতে হাজির করা হবে। এর পর রায় ঘোষণা করা হবে। সিনহা হত্যার রায়কে ঘিরে আদালতে চার স্থরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ঘটনার দেড় বছর পর আজ সোমবার (৩১ জানুয়ারি) এই হত্যা মামলার রায় ঘোষণার জন্য আদালত দিন নির্ধারণ করেছেন। সকাল থেকেই আদালত প্রাঙ্গনে ভিড় বাড়তে থাকে।
এদিকে সিনহার বড় বোন ও মামলার বাদি শারমিন শাহরিয়া ফেরদৌস বলেন, আমার ভাইকে যারা নির্মমভাবে গুলি করে হত্যা করেছে, তাদের সবাইকে সর্বোচ্চ সাজা দেওয়া হোক। এমন জঘন্য হত্যাকাণ্ড যেন আর না ঘটে। আমার মতো আর কোনো বোনের বুক যেন খালি না হয়। অপরাধ করে কেউ যেন পার না পায়। কেউ আইনের ঊর্ধ্বে নয়, এটাই রায়ে প্রমাণ হোক।
তিনি বলেন, মামলার ১৫ আসামি হত্যার সঙ্গে জড়িত। বিশেষ করে ১ ও ২ নম্বর আসামি (ওসি প্রদীপ ও লিয়াকত) হত্যাকাণ্ডে সরাসরি জড়িত। এই দুই জনের সর্বোচ্চ সাজা হবে, আমরা এটা প্রত্যাশা করছি। বাকি আসামিদের যার যার অপরাধ অনুযায়ী সাজা দেয়া হোক।
রায়কে ঘিরে ইতোমধ্যে কক্সবাজারের নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলাবাহিনী সদস্য ও গোয়েন্দা নজরদারি।











