জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে জনগণ কাউকে ছাড় দেবে না বলে মন্তব্য করেছেন ১১ দলীয় ঐক্যের লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, আমরা অনেক হুমকি-ধামকির কথা শুনেছিলাম। চট্টগ্রামের এক নেতাও বলেছিলেন, এই লংমার্চের ব্যাপারে নাকি আমাদের ছাড় দেওয়া হবে না। তবে আজকের পথ ও মহাসড়কের জনসমুদ্র প্রমাণ করেছে, জনতার বিরুদ্ধে অবস্থান নিলে জনগণ এই সরকারকেও ছাড় দেবে না।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে ১১ দলীয় ঐক্যের লংমার্চের গন্তব্য চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ১১ দলীয় ঐক্যের ডাকে রাজধানী ঢাকার বহু আন্দোলনের স্মৃতিবিজড়িত শাপলা চত্বর থেকে দীর্ঘ পথ অতিক্রম করে আজ আমরা আন্দোলন-সংগ্রামের ঐতিহ্যের অংশীদার বীর চট্টলার লালদীঘির ময়দানে সমবেত হতে পেরেছি।
তিনি আরও বলেন, ব্রিটিশবিরোধী সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম এবং ছাত্র আন্দোলনের রক্তের স্মৃতিবিজড়িত বীর চট্টলায় এই লংমার্চ অনুষ্ঠিত হচ্ছে। আমরা কেন এসেছি? আমরা চাই, কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের পথে যারা হাঁটছেন, তারা যেন সেই পথ থেকে ফিরে আসেন। এই চট্টগ্রাম থেকেই নতুন বিপ্লবের সূচনা হবে।











