ইরানের সঙ্গে চলমান যুদ্ধকে আমেরিকার জন্য ‘তুচ্ছ বিষয়’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান যুদ্ধে ১৮ জন আমেরিকান সেনা নিহত হওয়ার বিষয়টি সামনে আনা হলে তিনি ভিয়েতনামসহ অতীতের বিভিন্ন যুদ্ধে আমেরিকার প্রাণহানির সঙ্গে এর তুলনা করেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এর আগে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ইরানের সঙ্গে চলমান সংঘাতকে ‘যুদ্ধ’ বলতে অস্বীকৃতি জানান। তার ওই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, ইরানে আমেরিকার হামলা এখন বিরতিতে বিরতিতে হচ্ছে এবং অনেকেই এটিকে যুদ্ধ বলছেন না।
ট্রাম্প বলেন, “আমি বুঝতে পারছি তিনি কী বলছেন। আমি এটিকে সামরিক সংঘাত বলি, কারণ আমাদের জন্য এটি তুচ্ছ বিষয়। এটি বড় কোনো বিষয় নয়।”
তখন এক সাংবাদিক ইরানের সঙ্গে সংঘাতে ১৮ জন আমেরিকান সেনা নিহত হওয়ার পরও এটিকে ‘তুচ্ছ বিষয়’ বলার বিষয়ে ট্রাম্পকে প্রশ্ন করেন।
জবাবে আমেরিকার অতীতের সামরিক অভিযান ও যুদ্ধগুলোর সঙ্গে তুলনা করে ট্রাম্প বলেন, “ভেনেজুয়েলায় আমরা কাউকে হারাইনি। এখানে আমরা ১৮ জনকে হারিয়েছি। ভিয়েতনামে আমরা এক লাখ মানুষ হারিয়েছি। আর অন্যান্য সংঘাতে আমরা কয়েক হাজার মানুষ হারিয়েছি।”
ইরানের সঙ্গে চলমান সংঘাতে এখন পর্যন্ত আমেরিকার ১৮ জন সেনা নিহত হয়েছেন। এ যুদ্ধে আমেরিকার ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলারের বেশি অর্থ ব্যয় হয়েছে।
ট্রাম্প দাবি করেন, ইরানের বিরুদ্ধে আমেরিকার হামলায় দেশটির পারমাণবিক কর্মসূচি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না দাবি করে তিনি বলেন, “ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না। কারণ তাদের কাছে তা থাকলে সম্ভবত আপনি এখানে দাঁড়িয়ে থাকতেন না।”
এর একদিন আগে হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে জেডি ভান্স বলেন, ইরানের সঙ্গে আমেরিকার চলমান সংঘাতকে তিনি ‘যুদ্ধ’ বলবেন না। তিনি দাবি করেন, এই মুহূর্তে সক্রিয় গোলাগুলি চলছে না।
গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এরপর থেকে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় হামলা ও পাল্টা হামলা চলছে। আমেরিকা ও ইসরাইল এখন পর্যন্ত ইরানের বিরুদ্ধে মূলত বিমান হামলা চালিয়েছে। তবে দেশটিতে আমেরিকার স্থলসেনা মোতায়েন করা হয়নি।











