যে দল দলীয়ভাবে ও রাষ্ট্রীয়ভাবে দেশে গণহত্যা চালিয়েছে, সেই দলের পুনর্বাসন কিংবা রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে গাইবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, বিএনপি একাত্তর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের পক্ষের শক্তি ছিল। যে দল বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, যে দল ফ্যাসিস্টকে হটিয়েছে, সেই ফ্যাসিস্টের পুনর্বাসন তো দূরের কথা, আমরা কেন, ফিরে আসার সুযোগ দেশের জনগণই দেবে না।
বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে শামীম কায়সার লিংকন বলেন, বর্তমান সরকার ইমাম-মুয়াজ্জিনদের ভাতা বৃদ্ধি, কৃষক ও ফ্যামিলি কার্ড বিতরণ এবং রাস্তাঘাট পাকা করার কাজ করছে। এ ছাড়া পাইলট প্রকল্প বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে।
এর আগে জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এবং পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন ধর্ম প্রতিমন্ত্রী।











