শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, এই তিন প্রজন্মই ঐক্যের রাজনীতিকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে পঞ্চগড় সরকারি অডিটরিয়াম হলরুমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বর্তমানের তারেক রহমান, এই তিন প্রজন্মই ঐক্যের রাজনীতিকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আগামী দিনে দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ করে এই সম্ভাবনাময় বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে একটি সমৃদ্ধিশালী জাতি হিসেবে প্রমাণ করতে হবে।
পঞ্চগড়ের বিশেষ প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরও বলেন, দলমত ও সর্বস্তরের ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পঞ্চগড় উপহার দিতে হলে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় এই লক্ষ্য অর্জন করতে হবে।
জেলা প্রশাসক শুকরিয়া পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, পুলিশ সুপার আবু সাইম, জেলা সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মির্জা নাজমুল ইসলাম কাজলসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।











