গত সপ্তাহে ভারতের প্রজাতন্ত্র দিবসে দেশটিতে এক গণধর্ষিতা তরুণীকে অপহরণ করে, তার চুল কেটে, মুখে কালি মাখিয়ে প্রকাশ্যে রাস্তায় হাঁটানোর ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
সোমবার (৩১ জানুয়ারি) এক টুইটবার্তায় তিনি বলেন, সমাজের এক ভয়াবহ দিক তুলে ধরল ২০ বছর বয়সী নারীকে নিগ্রহের এই ভিডিওটি। আমাদের সমাজের একটা বড় অংশ নারীদের মানুষ হিসেবেই গণ্য করে না। এটা অত্যন্ত তিক্ত একটি সত্য। খুবই দুঃখের সঙ্গে এ কথা মেনে নিতে বাধ্য হচ্ছি।
এদিকে ওই ঘটনায় আটজন নারীসহ নয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া, আটক করা হয়েছে তিন নাবালককে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে গণধর্ষিতা প্রসঙ্গে সাম্প্রদায়িকতার রং লাগিয়ে নানা গুজবও ছড়ানো হচ্ছে। এ ব্যাপারে দিল্লি পুলিশ জানিয়েছে, উদ্দেশ্যমূলকভাবেই ছড়ানো হচ্ছে এই গুজব। কোনও ধরনের ভুয়া খবর কেউ ছড়ালে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
শাহদারা পুলিশের ডেপুটি কমিশনার আর সাথিয়াসুন্দরম বলেন, অসংখ্য ভুয়া খবর চাউর করা হচ্ছে। নির্যাতিতা আত্মহত্যা করেছেন, এমন গুজবও শোনা যাচ্ছে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, এই খবর সম্পূর্ণ ভুল। ওই নারী সুস্থ আছেন।
তিনি আরও বলেন, আইন ভেঙে কেউ যদি ধর্ষিতার পরিচয় প্রকাশ করে, তাহলে তাকে গ্রেফতার করা হবে।












