ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী আফগানিস্তানে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি আরাফাত জামালের সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকে আফগান শরণার্থীদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় দেশে ফিরে আসা এবং ফিরে আসা শরণার্থীদের সহায়তার বিষয়ে আলোচনা হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে আফগান শরণার্থীদের প্রত্যাবর্তন এবং তারা দেশে পৌঁছানোর পর তাদের সহায়তা ও সহযোগিতা দেওয়ার বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
ফিরে আসা শরণার্থীদের পরিস্থিতির উন্নয়নে আফগান সরকার ও ইউএনএইচসিআরের মধ্যে সহযোগিতা ও সমন্বয় জোরদারের বিষয়েও দুই পক্ষ আলোচনা করেছে।
আফগান শরণার্থীদের প্রত্যাবর্তন ও পুনর্বাসনে সহায়তায় সম্পৃক্ত বা আগ্রহী বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার উদ্যোগের মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তাও বৈঠকে উঠে আসে।
আফগান শরণার্থীদের প্রত্যাবর্তনের বিষয়টি এখনো একটি গুরুত্বপূর্ণ মানবিক ও আঞ্চলিক উদ্বেগের বিষয়। এমন সময়ে এই আলোচনা হলো, যখন আন্তর্জাতিক সংস্থাগুলো নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করার পাশাপাশি দেশে ফিরে আসা পরিবারগুলোর জন্য অব্যাহত সহায়তার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে আসছে।
সূত্র: আরিয়ানা নিউজ












