গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘদিন ক্ষমতায় থাকার ইচ্ছে রয়েছে। ইচ্ছে থাকা মন্দ কিছু না। কিন্তু সেটা জনগণের মতামতের ভিত্তিতে হওয়া উচিত। আমিও তার ইচ্ছাকে সমর্থন করতাম যদি তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতেন। যেটা ওনার পিতা করার চেষ্টা করেছেন।
বুধবার (২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
ডা. জাফরুল্লাহ বলেন, খালেদা জিয়াকে মুক্ত করতে না পারার পেছনে বিএনপির আইনজীবীদেরও ব্যর্থতা রয়েছে। তারা সবাই মিলে কেন ওনার জামিনের ব্যবস্থা করতে পারলেন না? এ ব্যর্থতার কারণ তারা ভয় পান, বিচারকরা যদি রিজেক্ট করে দেন। করলে করবে। সেটা দেশ দেখুক, জনগণ দেখুক।
তিনি বলেন, সরকার বলেছে বীর মুক্তিযোদ্ধাদের সব ধরনের চিকিৎসা ফ্রি হবে। খালেদা জিয়া ৮১ দিন হাসপাতালে ছিলেন, তার টাকাটা আপনি পরিশোধ করবেন তো?
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশে প্রায় ৪০ লাখ শিক্ষিত যুবক-যুবতি রয়েছেন। আজ দেশে সুশাসন প্রতিষ্ঠা হলে এদের প্রত্যেকেরই চাকরি হবে। বাংলাদেশের আয় কত হতে পারে আপনাদের ধারণা নেই। প্রধানমন্ত্রী আপনি কিছু কিছু ভালো কাজ করেছেন, যেমন- মানবতাবিরোধী অপরাধের বিচার করেছেন। কিন্তু এখানে দুটি কাজ ভুল করেছেন। একটা হলো আব্দুল কাদের মোল্লার বিচার, আরেকটা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর বিচার। এই দুজনের বিচারটা সঠিক হয়নি। এজন্য আপনি যতটা দায়ী তারচেয়ে বিচারকরা বেশি দায়ী।











