ফেসবুকের একটি স্ট্যাটাসের মাধ্যমে ‘ধর্মীয়’ অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে বাংলাদেশ হিন্দু যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অমিত ভৌমিক এর দায়ের করা ডিএসএ মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও অপরাধ বিশ্লেষক শেখ হাফিজুর রহমান কার্জনকে আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়ে সাইবার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল বেঞ্চ এই আদেশ দেন।
২০২১ সালের ১ আগস্টে বাংলাদেশ হিন্দু যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অমিত ভৌমিক এ মামলাটি দায়ের করেন। একই বছরের ২২ জুলাই হাফিজুর রহমান কার্জন ফেসবুকে একটি লেখা পোস্ট করেন। সেখানে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ উঠলে তিনি সঙ্গে সঙ্গে লেখাটি মুছে ফেলে ক্ষমা চান৷
২০২১ সালের ২৫ জুলাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনের পদত্যাগ চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দিয়েছিল বাংলাদেশ হিন্দু আইনজীবী পরিষদ। এ ঘটনার দুদিন আগে (২৩ জুলাই) অধ্যাপক কার্জন নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে মদ ও দুধ নিয়ে একটি কৌতুক পোস্ট করেছিলেন। ওই কৌতুকের মাধ্যমেই তিনি ধর্ম অবমাননা করেছেন বলে অভিযোগ আনা হয় হিন্দু আইনজীবী পরিষদের সেই স্মারকলিপিতে।











